আপিল ও হাইকোর্ট বিভাগের কোর্ট ও অফিসের পৃথক সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
মঙ্গলবার (১১ আগস্ট) থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সকল কোর্ট ও দাপ্তরিক কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। গতকাল সোমবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান বিচারপতির নির্দেশক্রমে জারিকৃত এই বিজ্ঞপ্তির মাধ্যমে উভয় বিভাগের জন্য পৃথক ও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যা আজ থেকেই কার্যকর হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, আপিল বিভাগের কোর্ট কার্যক্রম রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। এর মধ্যে সকাল ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ৩০ মিনিটের বিরতি থাকবে। আপিল বিভাগের অফিস চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি নির্ধারিত রয়েছে।
অপরদিকে, হাইকোর্ট বিভাগের কোর্ট সময়সূচি নির্ধারিত হয়েছে সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত। এ বিভাগের কোর্ট চলাকালে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। হাইকোর্ট বিভাগের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। দাপ্তরিক কার্যক্রমের মাঝখানে দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত একইভাবে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি বহাল থাকবে। শুক্রবার ও শনিবার উভয় বিভাগের জন্যই সাপ্তাহিক ছুটি অপরিবর্তিত রয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, এই বিজ্ঞপ্তির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেল, আইন ও বিচার বিভাগের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারগণ এবং সলিসিটরসহ সংশ্লিষ্ট সবার কাছে প্রেরণ করা হয়েছে। নতুন এই সময়সূচি বিচারপ্রার্থী সাধারণ মানুষ ও আইনজীবীদের জন্য আদালতের কার্যক্রমে সুশৃঙ্খলা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।