২০০৯ থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে হাজারো বিচারপ্রার্থী আইনি সহায়তা, মামলা পরিচালনা ও পরামর্শ সেবা পেয়েছেন।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মোট ২ হাজার ৩৪৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত সংস্থাটির সামগ্রিক কার্যক্রমের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা, মামলা নিষ্পত্তি এবং পরামর্শ সেবার অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের কার্যক্রম শুরু হয়। এরপর থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত মোট ৩০ হাজার ৬৯৬ জন উপকারভোগী এই অফিসের মাধ্যমে আইনি সহায়তা পেয়েছেন।
একই সময়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মোট ৩ হাজার ৪১৩টি মামলায় সরাসরি আইনি সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩৪৬টি মামলার নিষ্পত্তি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৭ হাজার ২৮৩টি আইনি পরামর্শ সেবা প্রদান করা হয়েছে, যা বিচারপ্রার্থীদের প্রয়োজনীয় আইনগত দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে পরিচালিত হয়। সংস্থাটি ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনি সহায়তা প্রদান করে।
সাম্প্রতিক পরিসংখ্যান থেকে প্রতীয়মান হয়, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মামলা পরিচালনা, নিষ্পত্তি এবং আইনি পরামর্শ সেবার কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। আর্থিকভাবে অসচ্ছল বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে এ ধরনের সরকারি আইনগত সহায়তা কার্যক্রম বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।