প্রধান বিচারপতির নির্দেশনায় বিশেষ কর্মসূচিতে ক্রিমিনাল মিস ও রিট মামলার জট কমাতে ধারাবাহিকভাবে চলছে দ্রুত নিষ্পত্তি কার্যক্রম।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিনের অমীমাংসিত মামলা দ্রুত নিষ্পত্তির বিশেষ কর্মসূচির আওতায় নতুন করে আরও ৭ হাজার ৫৬৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। এর ফলে বিশেষ উদ্যোগ শুরুর পর ১০ কর্মদিবসে মোট ৪৩ হাজার ৩৫৭টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং পুরোনো রিট মামলাসহ মোট ৫০ হাজার ২৬৪টি মামলা নিষ্পত্তি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৭ হাজার ৫৬৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া বিশেষ কর্মসূচি শুরুর পর থেকে প্রতি সপ্তাহে একদিন নির্ধারিত সময়ে পরিচালিত কার্যক্রমে ১০ কর্মদিবসে মোট ৪৩ হাজার ৩৫৭টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে।
এতে আরও বলা হয়, পুরোনো ক্রিমিনাল মিস মামলার পাশাপাশি দীর্ঘদিনের অমীমাংসিত রিট মামলাও নিষ্পত্তি করা হচ্ছে। ফলে দুই ধরনের মামলা মিলিয়ে মোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৫০ হাজার ২৬৪টিতে পৌঁছেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিনের অমীমাংসিত মামলা নিষ্পত্তির বিশেষ কর্মসূচি অব্যাহত রয়েছে।
সুপ্রিম কোর্টের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, আদালতে মামলার জট কমানো এবং বিচার ব্যবস্থার কার্যকারিতা ও গতিশীলতা বৃদ্ধি করা। এ উদ্দেশ্যে ধারাবাহিকভাবে বিপুলসংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রসঙ্গত, গত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোতে প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে দীর্ঘদিন ধরে বিচারাধীন ক্রিমিনাল মিস ও রিট মামলা নিষ্পত্তির বিশেষ কর্মসূচি শুরু হয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিচারপ্রার্থীদের স্বার্থে এই বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।