বরিশাল জেলা জজ আদালতের প্রধান ফটকে বেলা পৌনে ১২টার দিকে আকস্মিক বিস্ফোরণের বিকট শব্দে আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে সিআইডির বিশেষজ্ঞ দল আলামত সংগ্রহ করেছে।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে আজ বুধবার (১২ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আকস্মিক এ বিস্ফোরণের বিকট শব্দে গোটা আদালত চত্বরে আতঙ্ক সৃষ্টি হলেও কেউ হতাহত হননি। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখেন এবং বিস্ফোরিত বস্তুটির ধরণ ও উৎস শনাক্তে তদন্ত শুরু করেন।
ঘটনার পরপরই আদালত চত্বরে উপস্থিত হন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে এক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আমরা একটা মেসেজ পেলাম যে আদালত চত্বরে একটা শব্দ শোনা গিয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসেছি। আমাদের সিআইডির এক্সপার্ট যারা আছেন তাদেরকে আমরা খবর দিয়েছি। তারা এসেছেন, আলামত সংগ্রহ করেছেন। হয়তো পরবর্তীতে দেখা যাবে আসলে বিষয়টা কি।’
এদিকে, বিএনপিপন্থী আইনজীবীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, জনমনে আতঙ্ক তৈরি করতে পলাতক ফ্যাসিস্ট চক্র এই বিস্ফোরণ ঘটিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
সিআইডির বিশেষজ্ঞ দল ইতোমধ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও এতে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আদালত এলাকায় এমন বিস্ফোরণের ঘটনায় আইনজীবী ও বিচারপ্রার্থী সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।