অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম

অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম; সুপ্রিম কোর্টে বিদায়ী সংবর্ধনায় বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের আস্থা ও নবীন আইনজীবীদের সততার ওপর গুরুত্বারোপ।

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ৬৭ বছর বয়স পূর্ণ করায় সংবিধান অনুযায়ী মঙ্গলবার বিচারক পদ থেকে অবসরে গেছেন। কর্মদিবসের শেষ দিনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর এজলাসে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

বিদায়ী অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, আপিল বিভাগের অন্যান্য বিচারপতি এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনার জবাবে বিচারপতি আশফাকুল ইসলাম বলেন, বিচার বিভাগ কেবল বিচারক ও আইনজীবীদের নয়, এটি সবার প্রতিষ্ঠান। বিচারক, আইনজীবী, কর্মকর্তা ও কর্মচারী সবাই মিলে বিচার বিভাগের অংশ। তিনি বলেন, সবাই যদি বিচার বিভাগকে নিজের প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করেন, তাহলে এর মর্যাদা, স্বাধীনতা এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, বিচার বিভাগের শক্তি কোনো একক বিচারক বা আইনজীবীর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সবার সম্মিলিত প্রয়াসের ফল। ভবিষ্যতেও বিচার বিভাগের কল্যাণে বার ও বেঞ্চ একযোগে কাজ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

বিচারপতি আশফাকুল ইসলাম বলেন, বিচারকের আসন থেকে বিদায় নিলেও ন্যায়বিচারের আদর্শ থেকে তিনি সরে যাচ্ছেন না। সংবিধানের প্রতি আনুগত্য, আইনের শাসনের প্রতি বিশ্বাস এবং প্রজাতন্ত্রের প্রতি অঙ্গীকার আজীবন অটুট থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, একজন আইনজ্ঞের সবচেয়ে বড় সম্পদ সততা। এরপর আসে চরিত্র এবং অধ্যয়ন। তিনি নিয়মিত সংবিধান, আইন, দেশি-বিদেশি আদালতের রায় এবং বিচারতত্ত্ব অধ্যয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, আইন একটি পরিবর্তনশীল ক্ষেত্র, তাই শেখার কোনো শেষ নেই।

ভবিষ্যতের বিচারব্যবস্থা নিয়ে বক্তব্যে তিনি বলেন, বিচার বিভাগের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মামলার জট কমানো, বিচার প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করা এবং বিচার বিভাগকে আধুনিক ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করা সময়ের দাবি। একই সঙ্গে তিনি বলেন, বিচার শুধু প্রতিষ্ঠিত হলেই যথেষ্ট নয়; জনগণের কাছে তা দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য হওয়াও সমান গুরুত্বপূর্ণ। তার ভাষায়, বিচার বিভাগের সবচেয়ে বড় শক্তি জনগণের আস্থা, আর সেই আস্থা রক্ষা করাই সর্বোচ্চ দায়িত্ব।

১৯৫৯ সালের ১৫ জুলাই জন্মগ্রহণ করেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জনের পর ১৯৮৩ সালে জেলা ও দায়রা আদালতে এবং ১৯৮৫ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৫ সালের ২৭ আগস্ট স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ লাভের পর দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পরে ২০২২ সালের ৮ ডিসেম্বর তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

দীর্ঘ বিচারিক জীবনের ইতি টেনে অবসরে গেলেও বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন এবং জনগণের আস্থা রক্ষার বিষয়ে বিচারপতি আশফাকুল ইসলামের বক্তব্য বিদায়ী অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠে।