ট্রান্সফার অব প্রপার্টি (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন
সন্তান বা নাতি-নাতনির নামে সম্পত্তি দান করলেও দাতা ব্যক্তি জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহার করার আইনি অধিকার সংরক্ষণ করতে পারবেন। এ বিধান যুক্ত করে দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিসভার বৈঠকে আইন ও বিচার বিভাগের উত্থাপিত প্রস্তাবের ভিত্তিতে দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬-এর খসড়া অনুমোদন করা হয়।
খসড়া আইনে উল্লেখ করা হয়েছে, ১৮৮২ সালের ট্রান্সফার অব প্রপার্টি আইনে দাতা কর্তৃক জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক সম্পত্তি দানের বিষয়ে একটি নতুন বিধান সংযোজন করা হবে। এ উদ্দেশ্যে সংশোধনী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের মতে, বিদ্যমান আইনে এ বিষয়ে সুস্পষ্ট বিধান না থাকায় পিতা-মাতা বা দাদা-দাদি সন্তান কিংবা নাতি-নাতনির নামে সম্পত্তি দান করার পর নিজেদের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের আইনি নিশ্চয়তা পান না। ফলে অনেক ক্ষেত্রে বাস্তব ও আইনি জটিলতার সৃষ্টি হয়।
প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে দাতা ব্যক্তি সম্পত্তি দান করলেও জীবিত থাকা পর্যন্ত ভোগদখল ও ব্যবহারের অধিকার আইনি সুরক্ষা পাবে। এর ফলে সম্পত্তি হস্তান্তরের পরও দাতার স্বার্থ সংরক্ষিত থাকবে।
সরকারের এই উদ্যোগের লক্ষ্য বিদ্যমান আইনের একটি বাস্তব সমস্যার সমাধান করা এবং সম্পত্তি দানের ক্ষেত্রে দাতার জীবনকালীন অধিকারকে আইনি স্বীকৃতি দেওয়া।