ব্যক্তিগত কারণ দেখিয়ে আইনমন্ত্রীর কাছে পদত্যাগপত্র; ৩০ জুলাই নিয়োগ পেয়েছিলেন মো. মাহফুজুর রহমান
নিয়োগ পাওয়ার মাত্র চার দিনের মাথায় পদত্যাগ করেছেন নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান। সোমবার (৩ আগস্ট) তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বরাবর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি দায়িত্ব পালনে অপারগতার কথা জানান এবং ৩ আগস্ট থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।
পদত্যাগপত্রে মো. মাহফুজুর রহমান বলেন, গত ৩০ জুলাই আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়। তবে ব্যক্তিগত কারণবশত তিনি এ দায়িত্ব পালন করতে পারছেন না।
তিনি পদত্যাগপত্রে আরও উল্লেখ করেন, ৩ আগস্ট থেকে তিনি সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে ইচ্ছুক। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
এর আগে, গত ৩০ জুলাই পূর্বের সব নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) হিসেবে নতুন করে নিয়োগ দেওয়া হয়।
এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (পিও নং ৬ অব ১৯৭২)-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পূর্বের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে নতুন নিয়োগ প্রদান করা হয়েছে।
নতুন নিয়োগ কার্যকর হওয়ার কয়েক দিনের মধ্যেই একজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ আইন কর্মকর্তা নিয়োগ-সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাপ্রবাহে নতুন মাত্রা যোগ করেছে।